মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২

শিরোনাম :

পটুয়াখালীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত ২০

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

পৌর শহরের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ সংঘর্ষ হয়।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বেলা ১১টার দিকে পৌর মঞ্চ চত্বর থেকে উপজেলা বিএনপির বর্তমান কমিটির (আহ্বায়ক পক্ষ) উদ্যোগে একটি আলোচনা সভা ও র‌্যালি শুরু হয়। অন্যদিকে সিনেমা হল রোডে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন দলটির সাবেক কমিটির (হাসান মামুনপন্থী) নেতা-কর্মীরা।

পুলিশ সাবেক কমিটির নেতা-কর্মীদের উপজেলা পরিষদের ফটকের ভেতরে আটকে রাখলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বর্তমান কমিটির মিছিলটি সিনেমা হল রোড এলাকা দিয়ে যাওয়ার সময় দুই পক্ষ পাল্টাপাল্টি ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকে। কথা-কাটাকাটির মধ্যেই উভয় পক্ষ হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে।

এরপর শহরের কালীবাড়ি ও বটতলা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কালীবাড়ি রোডের ‘হাবিব রেস্টুরেন্টে’ ভাঙচুর চালানো হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রেস্তোরাঁটির মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির রাজনীতিতে বিরোধের সূত্রপাত হয়। ওই নির্বাচনে এই আসনে বিএনপির সমর্থনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে উপজেলা বিএনপির পুরোনো কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তার পর থেকেই স্থানীয় বিএনপিতে ‘নুরপন্থী’ ও ‘মামুনপন্থী’ হিসেবে পরিচিত দুটি পক্ষ সক্রিয় রয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তবে পুলিশের উপস্থিতির কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। বর্তমানে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net