শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২১

উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড়

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের উজিরপুরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন আরসিসি আর্চ সেতু উদ্বোধনের পর যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নান্দনিক স্থাপত্যশৈলী ও মনোরম পরিবেশের কারণে সেতুটি এখন স্থানীয় মানুষের পাশাপাশি দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের অনেকে সেতুটির নকশাকে রাজধানীর হাতিরঝিল এলাকার সেতুর সঙ্গে তুলনা করছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ‘প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজেস’ প্রকল্পের আওতায় সানুহার আরঅ্যান্ডএইচ-ধামুরা জিসি-জল্লা-সাতলা জিসি সড়কের ৭৮৬০ মিটার চেইনেজে ধামুরা খালের ওপর ৫৫ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়েছে। এতে বাংলাদেশ সরকার (জিওবি) ও আইডিএ অর্থায়ন করেছে।

সেতুটির নির্মাণ ব্যয় ৯ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৭৩ টাকা। ২০২৩ সালের ৪ মে নির্মাণকাজ শুরু হয়ে নির্ধারিত সময়ের মধ্যেই, ২০২৬ সালের ২৮ এপ্রিল কাজ শেষ হয়। প্রকল্পটি বাস্তবায়ন করেছে এলজিইডি। ঠিকাদারি প্রতিষ্ঠান এম/এস এমএই-শামস-উপকূল (জেভি)।

সেতুটি চালু হওয়ায় সানুহার-ধামুরা-জল্লা-সাতলা সড়কে যোগাযোগব্যবস্থা আরও সহজ হয়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ লিটু মিয়া বলেন, সেতুটি ভেঙে যাওয়ার পর একসময় সাতলা-বরিশাল সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। ধামুরা খাল পারাপারেও দুর্ভোগ ছিল। নতুন সেতু নির্মাণের ফলে সেই দুর্ভোগ অনেকটাই কমেছে।

উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সেতুটির নির্মাণকাজ শেষ করা হয়েছে। স্থানীয়দের দাবি, সেতুটিকে ঘিরে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হলে এটি উজিরপুরের অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে। এতে পর্যটন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net