খবর বরিশাল ডেস্ক ::
পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। বেড়েছে পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ। তবে সেই সুফল পুরোপুরি কাজে লাগাতে পারছে না বরিশাল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী। গ্যাস-সংকট ও বিদ্যুৎ সরবরাহের সমস্যায় বড় ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। ৫৩০টি প্লটের মধ্যে ১১২টিই এখনো বরাদ্দহীন।
বরিশাল বিসিক সূত্রে জানা যায়, ১৩১ দশমিক ৬১ একর জমির ওপর ১৯৬০ সালে শিল্পনগরীটি প্রতিষ্ঠিত হয়। এখানে মোট ৫৩০টি প্লটের মধ্যে পুরোনো অংশে ৩৯৭টি এবং নতুন অংশে ১৩৩টি উন্নত প্লট রয়েছে। ১৭৭টি শিল্প ইউনিটের অনুকূলে ৪১৮টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ১১২টি প্লট এখনো বরাদ্দের অপেক্ষায়।
এসব প্লট বরাদ্দ দিতে গত ১৫ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিক। নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ২২টি প্রতিষ্ঠান আবেদন ফরম সংগ্রহ করায় আবেদনের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বরিশাল বিসিকে বড় ও মাঝারি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে প্রধান বাধা গ্যাস-সংকট। গ্যাসের সরবরাহ না থাকায় প্লট বরাদ্দ পেয়েও তিনটি গার্মেন্টস কারখানা স্থাপন করতে পারেনি উদ্যোক্তারা। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহের নানা সমস্যাও শিল্পনগরীর উৎপাদন কার্যক্রমে প্রভাব ফেলছে।
বরিশাল বিসিকের কর্মকর্তা গোলাম রসুল বলেন, শিল্পনগরীতে বর্তমানে বড় ধরনের কোনো প্রতিষ্ঠান নেই। এর অন্যতম কারণ গ্যাস-সংকট। গ্যাস না থাকায় বড় ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তিনটি গার্মেন্টস কারখানা স্থাপনের জন্য প্লট বরাদ্দ নেওয়া হলেও গ্যাসের অভাবে সেগুলো চালু করা সম্ভব হয়নি।
Leave a Reply