খবর বরিশাল ডেস্ক :
বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
ঘোষিত কমিটিতে বরিশাল মহানগর যুবদলের সভাপতি হয়েছেন রিয়াজুর রহমান রিয়াজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান মুন্না। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান অভি।
অন্যদিকে, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সভাপতি হয়েছেন মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ। এ কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. বেলায়েত হোসেনকে। এছাড়া ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আল ইমরান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইউসুফ খান রনি।
এদিকে, বরিশাল উত্তর জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ কায়ছার আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম জনি।
নতুন কমিটি ঘোষণার পর বরিশাল মহানগর ও দুই জেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্ব) মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কমিটি অনুমোদন করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণার পর নগরীতে আনন্দ মিছিল করেছে যুবদল। এ সময় আতশবাজি ফোটানো হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply