খবর বরিশাল ডেস্ক ::
গৌরনদীতে জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সেন্টু ভূইয়া (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর হাতিরঝিল থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল এসআরবি-৮-এর সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার সেন্টু ভূইয়া গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার মৃত হাসেম ভূইয়ার ছেলে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশাল এসআরবি-৮-এর সহযোগিতায় রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে তাকে বরিশাল অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর দক্ষিণ পালরদী এলাকায় জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী সেন্টু ভূইয়া ওই স্কুলছাত্রীকে নিজের বাসায় ডেকে নেন। সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে গত ৯ নভেম্বর রাতে গৌরনদী থানায় সেন্টু ভূইয়াকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply