খবর বরিশাল ডেস্ক ::
বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ের সিঁড়িতে তিনটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন শাখাটিতে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, ভোরে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। পরে তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়িতে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়।
খবর পেয়ে উজিরপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংক শাখার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply