, ,

শিরোনাম :
আ.লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরে ডাকাতি, ঢাকায় ফেরার পথে গ্রেপ্তার ৮ লাচ্ছিতে বিষ মিশিয়ে দুই শিশুকে হত্যাচেষ্টা, ৫ বছর পর আসামি গ্রেপ্তার গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা নিছক ‘ব্লাফ’ রাতারাতি নেতা হইনি, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল পটুয়াখালী ও কলাপাড়ার চার ইউপি প্রশাসক শূন্য : ভোগান্তিতে সাধারণ মানুষ বরিশালে এসআরবি’র অভিযানে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

বরিশাল, শরীয়তপুর ও মাদারীপুরে ডাকাতি, ঢাকায় ফেরার পথে গ্রেপ্তার ৮

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, ১০টি রামদা, একটি করাতসহ দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া লুণ্ঠিত ২০টি মুঠোফোন, একটি ল্যাপটপ, স্বর্ণের কানের দুল, পাঁচটি বিদেশি হাতঘড়ি, নগদ ৫৭ হাজার টাকা ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– জাকির হোসেন (২৫), জাহিদুল ইসলাম সাগর (৩২), মো. হেলাল (৪৫), কালাম খাঁ (৩৭), মো. লিমন মাতবর (২২), মো. শতকত আলী শিকদার (৪০), আলআমিন (৩৮) ও মুন্না (৩০)।

 

বুধবার সকাল সাতটার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী টোলপ্লাজায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১০ এর অধিনায়ক মোহা. আসাদুজ্জামান।

এসআরবি-১০ এর অধিনায়ক জানান, গতকাল মঙ্গলবার বিকাল তিনটার দিকে কেরাণীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকায় একত্রিত হয়ে একটি পিকআপ ভ্যানে করে ডাকাতির উদ্দেশ্যে বরিশালে যান তারা। সেখানে সুবিধা করতে না পেরে শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে ঢাকায় ফিরছিলেন। পথে ধলেশ্বরী টোলপ্লাজায় তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

 

অভিযানে তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান, ১০টি রামদা, একটি করাত, একটি লোহার শাবল, সাতটি টর্চলাইট, পাঁচটি গামছা, একটি মুখোশসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

এ ছাড়া উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ২০টি মুঠোফোন, একটি ল্যাপটপ, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি পাসপোর্ট, একটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি বিদেশি হাতঘড়ি, পাঁচটি মানিব্যাগ, একটি চেক বই, বিদেশি মুদ্রা, নগদ ৫৭ হাজার টাকা ও বিদেশি চকলেট।

 

এসআরবির প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অবস্থান করে পারস্পরিক যোগসাজশে মাদারীপুর, শরীয়তপুর ও বরিশালের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। ডাকাতির সময় তারা সড়কের গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করতেন।

 

এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতির দুটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। কালাম খাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা, জাহিদুল ইসলাম সাগরের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা এবং মো. হেলালের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইজিবাইকচালক হত্যার ঘটনায় গত ২২ নভেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে এসআরবি-১০। তারা হলেন–মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) ও সোহেল রানা (৩৮)। এ ঘটনায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে এসআরবি-১০-এর অধিনায়ক মোহা. আসাদুজ্জামান বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net