বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২০

শিরোনাম :
ববি ছাত্রলীগের প্রচেষ্টায় স্বস্তি পেলো হাজারো শিক্ষার্থী

ববি ছাত্রলীগের প্রচেষ্টায় স্বস্তি পেলো হাজারো শিক্ষার্থী

dynamic-sidebar

শফিক মুন্সি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নগরীর রূপাতলী থেকে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য ছাত্রলীগের উদ্যোগে বিশেষ অটো-মাহিন্দ্রা সার্ভিস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লোগো সমৃদ্ধ নির্ধারিত অটো চালু করার ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংক্রান্ত সমস্যার স্বল্পমেয়াদী সমাধান হলো। গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তত্ত্বাবধানে এই সার্ভিস চালু করা হয়েছে। এই সার্ভিসের ফলে নগরীর রূপাতলী থেকে দপদপিয়া ব্রিজ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীরা রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সবসময় চলাচল করতে পারবে।

এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. এ কে এম মাহবুব হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ” বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনের জন্য আমাদের বাস আছে। আরো বাস বৃদ্ধি করার প্রক্রিয়া চলমান। তবুও ছাত্রলীগের এমন উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকল ছাত্র সংগঠন গুলোর কাছ থেকে আমি এমন সহযোগিতা কামনা করছি। ”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আহমেদ সিফাত বলেন, ” দীর্ঘদিন ধরে আমরা পরিবহন সমস্যায় ভুগছি।এ নিয়ে বহুবার আলাপ আলোচনা বা দাবী জানানো সত্ত্বেও আশানুরূপ সমাধান পাওয়া যায়নি। তাই বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ উদ্যোগ নিয়ে অটো চালক,টোল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় করে এই সমস্যা সমাধানের চেষ্টা করেছি। ”

তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই রুটে অটো-মাহিন্দ্রাগুলোতে ভাড়া কমানোর দাবিও উঠেছে ইতোমধ্যে। সম্প্রতি সংগঠিত ভিসি বিরোধী আন্দোলনে নেতৃত্বে থাকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, ” এই রুটে পরিবহন সমস্যা সমাধানে ছাত্রলীগের এমন উদ্যোগ প্রশংসনীয়। তবে বৃহত্তর স্বার্থে অটোরিকশা গুলোর ভাড়া যদি কমানো যায় তবে শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে।”

অনুসন্ধানে দেখা গেছে, নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড থেকেই সকল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। তবে সেখানে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কোনো বাস সার্ভিস বা স্টপেজ নেই। অন্যদিকে পরিবহন পুলে পর্যাপ্ত বাস না থাকায় বেশিরভাগ শিক্ষার্থীদের রূপাতলী থেকে স্থানীয় অটোরিকশায় যাতায়াত করতে হয়। কিন্তু পথিমধ্যে দপদপিয়া ব্রিজে অতিরিক্ত টোল ভাড়ার কারণে অটো চালকেরা এদিকে আসতে চায় না। অপরদিকে সন্ধ্যার পর মেয়ে শিক্ষার্থীরা এই পথে অটোতে চলাচলে নিরাপত্তাহীনতায় ভোগে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তত্ত্বাবধানে এই সার্ভিস চালু হবার ফলে টোল ভাড়া মুক্ত অটোরিকশা গুলোতে নিরাপদে সকল শিক্ষার্থী যাতায়াত করতে পারবে বলেই ধারণা সংশ্লিষ্টদের।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net