, ,

শিরোনাম :

বরিশালে এখনও জমে উঠেনি কোরবানীর পশুর হাট

dynamic-sidebar

মজিবর রহমান নাহিদ ॥ মুসলিম ধর্মলম্বিদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব ঈদ-ঊল-আজহার আর বাকি মাত্র ৪দিন বাকি থাকলেও এখনও বরিশালে জমে উঠেনি কোরবানীর পশুর হাট।

নগরীর বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায় এখনও হাটগুলোতে বিভিন্ন জায়গা থেকে পশু আসছে। আবার কোন কোন হাটে পশু নেই বললেই চলে। অনেক ক্রেতাকে চাহিদামত কোরবানীর পশু কিনতে না পেরে ফিরে যেতে দেখা গেছে।

নগরীর রূপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে কোরবানীর পশু কিনতে আসা এক ক্রেতা বলেন, এখনও পুরোপুরি গরু হাটে আসেনি, তাই ফিরে যাচ্ছি, ২/৩ দিন পরে কিনবো আশা করছি।

দাম বেশি অভিযোগ করে এক ক্রেতা বলেন, এবার গরুর দাম অনেক বেশি, গতবছর যে গরু ৭০ হাজার টাকায় কিনেছিলাম এবার সেইরকম গরুর দাম চাচ্ছে ১ লক্ষ ১৫ হাজার টাকা।

তবে বিক্রেতারা বলছেন, সব কিছুর দাম বেড়েছে, তাই গরুর দাম গতবছরের তুলনায় সামান্য দাম বেড়েছে।

এবার হাটে গরু আনতে কোন সমস্যা হয়েছে কি না এমন প্রশ্নে এক বিক্রেতা জানায়, আগে মাঝে মধ্যে রাস্তায় চাঁদাবাজদের উতপাত দেখা যেত তবে এবার গরু নিয়ে আসার সময় কাউকে চাঁদা দিতে হয়নি এবং কোন ভোগান্তিতে পরতে হয়নি।

এবার নগরীর পোর্টরোড কসাইখানা, বাঘিয়া আবহাওয়া অফিস সংলগ্ন সিটি করপোরেশনের দু’টি স্থায়ী হাট রয়েছে। এর পাশাপাশি কোরবানির পশু বিক্রির জন্য নগরীর রূপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে, কালিজিরা বাজার সংলগ্ন এলাকা, চৌমাথা থানা কাউন্সিলের বিপরীত পাশে, কাউনিয়া টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে একটি করে অস্থায়ী গরুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণের মেশিন, পুলিশ ক্যাম্প, পশুর চিকিৎসা ও গুণগত মান নিশ্চিত করণে মেডিকেল ক্যাম্প, মোবাইল ব্যাংকিং বুথ থাকছে।

বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বিডি ক্রাইমকে বলেন, বিক্রেতারা গরু নিয়ে যে হাটে যেতে চান, সে হাটেই তাদের যেন যেতে দেওয়া হয় এ বিষয়ে হাট ইজারাদারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বাবলু আরও জানায়, অনুমোদিত হাটগুলোতে যথানিয়মে পশু সরবরাহ করবে ইজারাদাররা। হাটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ সার্বিক কাজে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রাণিসম্পদ অধিদফতরের সঙ্গে সিটি করপোরেশন সহযোগিতা করবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net