বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫

শিরোনাম :
বরগুনায় পলক, শেখ কামাল হাইটেক পার্ক স্থাপনের স্থান পরিদর্শন

বরগুনায় পলক, শেখ কামাল হাইটেক পার্ক স্থাপনের স্থান পরিদর্শন

dynamic-sidebar

বরগুনা প্রতিনিধি : বরগুনায় শেখ কামাল হাইটেক পার্ক স্থাপনের জন্য স্থান নির্বাচন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন এবং ইনফো সরকার প্রকল্প ফেইজ ৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ জেলা আইসিটি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বুধবার বেলা ২টায় বরিশাল থেকে বরগুনা এসে পৌঁছান তিনি। এ সময় শেখ কামাল হাইটেক পার্ক স্থাপনের জন্য বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রাম এবং জেলা কারাগারসংলগ্ন দুটি স্থান পরিদর্শন করেন তিনি। এরপর বরগুনা পুলিশ লাইনস হাই স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে বঙ্গবন্ধু ডিজিটাল হাব এর উদ্বোধন করেন। সবশেষে বিকেল ৪টার দিকে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তিনি ইনফো সরকার প্রকল্প ফেইজ ৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ জেলা আইসিটি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর কবীরসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও আইসিটিসংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।

সাংবাদিকদের উদ্দেশে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বরগুনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত জেলা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বরগুনার সংসদ সদস্য ছিলেন। তাই বরগুনার উন্নয়নের দিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে। আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছি জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ থেকে বাংলাদেশের কোনো জেলা বা কোনো অংশ যেন বঞ্চিত না হয় এই জন্যই জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেইনিং ইনকিউবিশন সেন্টার হবে যেখানে হাজারো তরুণ-তরুণী প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক কর্মসংস্থানের সুযোগ পাবে। তাই সকলের সহযোগিতা নিয়ে এখানে একটি শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবিশন সেন্টার করা হবে। এরই মধ্যে তিনটি জায়গা পরিদর্শন করলাম আমার মনে হয় যেকোনো একটি জায়গা পেয়ে গেলে অতি অল্প সময়ে আমরা শেখ কামাল আইটি ট্রেইনিং ইনকিউবিশন সেন্টার স্থাপন করতে পারব।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net