শফিক মুন্সিঃ হার্টের অসুস্থতা জনিত কারণে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির জেষ্ঠ সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল ০১ আসনের সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত আবদুল্লাহ।বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনি তাকে শঙ্কামুক্ত ঘোষণা করা হয় নি। হাতের ইশারায় পরিবারবর্গের সঙ্গে কথাও বলেছেন তিনি।
দলীয় নেতাকর্মী, তাঁর ব্যক্তিগত সহকারী এবং পারিবারিক সূত্রে বিষয়গুলো জানা গেছে। আবুল হাসনাত আবদুল্লাহ করোনা আক্রান্ত নন বলে নিশ্চিত করেছেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এড.এ কে এম জাহাঙ্গীর। তিনি জানান, বুধবার সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসনাত আব্দুল্লাহর করোনা পরীক্ষার ফলাফল আসে। সেখানে তিনি করোনা মুক্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন হৃদরোগের জটিলতা নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে।
স্কয়ার হাসপাতালে বুধবার সকাল থেকে ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি এড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল। তিনি জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) অসুস্থ আবুল হাসনাত আব্দুল্লাহর হার্টের (হৃদপিন্ড) এনজিওগ্রাম করা হবে। এনজিওগ্রামের ফলাফলের ওপর ভিত্তি করে তাঁর পরবর্তী চিকিৎসাজনিত বিষয়ে সিদ্ধান্ত নেবে চিকিৎসকেরা। তবে বর্তমানে অসুস্থ আবুল হাসনাত আবদুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। কিন্তু পুরোপুরি শঙ্কামুক্ত নয়।
এদিকে আইসিইউতে ভেন্টিলেশন অবস্থায় থাকলেও আবুল হাসনাত আবদুল্লাহর বর্তমানে জ্ঞান আছে এবং হাতের ইশারায় পরিবারবর্গের সঙ্গে কথা বলেছেন বলে নিশ্চিত করেছেন তাঁর একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) মোঃ খাইরুল বাশার। তিনি জানান, হাসপাতালে আবুল হাসনাত আবদুল্লাহর তিন পুত্র, এক কন্যা এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। বুধবার কয়েক দফা তাদের সঙ্গে দূর থেকে হাতের ইশারায় কথা বলেছেন ৭৫ বছর বয়সী আওয়ামীলীগের বর্ষীয়ান এই বর্ষীয়ান নেতা।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৮ টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার সরকারি বাসভবনে অসুস্থ হয়ে পড়েন ৭৫ এর কালরাতে পিতা- মাতা, ভাই – বোন এবং সন্তান হারানো আবুল হাসনাত আবদুল্লাহ।এর পরপরই ঢাকার পান্থপথ এলাকার বেসরকারি চিকিৎসা কেন্দ্র স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁর শারিরীক অবস্থার পরীক্ষা নিরিক্ষা পূর্বক নিবিড় পরিচর্যার প্রয়োজনে তাকে আইসিইউতে প্রেরণ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply