খবর বরিশাল ডেস্ক॥
বরিশাল নগরীতে পুলিশের হেফাজত থেকে একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বরত চার পুলিশ সদস্যকে ক্লোজড (অব্যাহতি) করা হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুর ১টার দিকে নগরীর আমতলার মোড় এলাকা থেকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে বরিশাল মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
সূত্র জানায়, বরিশাল কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এটিএসআই মাহাবুব ও অন্যান্য পুলিশ সদস্যরা রবিনকে হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, সেখান থেকে রবিন পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছাত্রদল নেতারা বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের দপ্তরে গিয়ে বিস্তারিত জানান।
এরপর প্রাথমিকভাবে দায়িত্বে গাফিলতির অভিযোগে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজা, এটিএসআই মাহাবুব এবং দুজন কনস্টেবলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ বিষয়ে ছাত্রদল নেতা হুমায়ুন কবীর খান ফেরদাউস ও শাহাদাৎ খান জানান, “রবিন গত বছরের আন্দোলন এবং বিএনপি কার্যালয়ে হামলায় জড়িত ছিল।
তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলা (এফআইআর নং-৩১, জিআর নং-৫৫৭, তারিখ ২৩/০৮/২০২৪) রয়েছে। পুলিশকে অবহিত করার পরও কীভাবে সে পালিয়ে গেল এই প্রশ্ন এখন নগরজুড়ে আলোচনার কেন্দ্রে।” তারা আরও অভিযোগ করেন, “রবিনের পেছনে রাজনৈতিক ছত্রছায়া রয়েছে। সাধারণ মানুষকে হয়রানিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।”
এ ঘটনায় যোগাযোগ করা হলে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান ফোন রিসিভ করেননি। তবে পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, “ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply