খবর বরিশাল ডেস্ক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই প্রদর্শনীর আয়োজন করেছে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার (৩০ মে) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে এসব কর্মসূচি পালিত হয়।
এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনাকে তুলে ধরেন। তারা বলেন, “জিয়া ছিলেন একজন প্রাজ্ঞ রাষ্ট্রনায়ক, যিনি দেশকে স্বল্প সময়ে স্বাধীনতা-পরবর্তী অরাজকতা থেকে তুলে এনে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়েছিলেন।
” বক্তারা আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। এর মাধ্যমেই দেশের মানুষের প্রত্যাশা পূরণ ও জিয়ার আদর্শ বাস্তবায়ন সম্ভব।” একই দিনে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগেও পৃথক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতির কল্যাণ ও শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়া জিয়া স্মৃতি পাঠাগার, বরিশাল মহানগরের ব্যবস্থাপনায় অশ্বিনী কুমার হলে একটি ব্যতিক্রমধর্মী বই প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে ‘জিয়া কেন জনপ্রিয়’, ‘১৯ দফা কর্মসূচি’, ‘রাজনীতির হালচাল’, ‘জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ’, ‘একজন জিয়া’সহ প্রায় ২০টি বিষয়ভিত্তিক বই স্থান পায়।
এই উদ্যোগটি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। আয়োজকরা জানান, ভবিষ্যত প্রজন্মের কাছে জিয়াউর রহমানের অবদান তুলে ধরতেই এই বই প্রদর্শনীর আয়োজন। তারা আশা প্রকাশ করেন, জিয়ার জীবন ও দর্শন পাঠের মাধ্যমে তরুণ সমাজ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply