বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০৪

শিরোনাম :
দেড় হাজার কোটি টাকার মীরগঞ্জ সেতু প্রকল্পের উদ্বোধন

দেড় হাজার কোটি টাকার মীরগঞ্জ সেতু প্রকল্পের উদ্বোধন

dynamic-sidebar

বরিশালের তিন উপজেলার স্বপ্নপূরণ

খবর বরিশাল ডেস্ক
বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত হতে যাওয়া মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়েছে। রোববার সকাল ১১টায় রহমতপুর–বাবুগঞ্জ–হিজলা মহাসড়কের ৮ম কিলোমিটারের মীরগঞ্জ ফেরিঘাটের পূর্বপাড়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সেতু, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌপরিবহণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন,

 

অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা এবং মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরীসহ এলজিইডির কর্মকর্তা–কর্মচারীরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, বরিশাল জেলা সদর ও রাজধানী ঢাকার সঙ্গে মুলাদী, হিজলা এবং মেহেন্দীগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ উন্নত করতে দেশীয় অর্থায়নে প্রায় ১ হাজার ৪৪২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ হচ্ছে।

 

 

গত অক্টোবরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মীরগঞ্জ সেতু নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদন দেয়। ১৪৮৪ মিটার দৈর্ঘ্যের এই সেতুর মূল কাঠামোতে থাকবে ২টি এবাটমেন্ট, ১৭৫ মিটারের দুটি ও ৯৭ মিটারের দুটি পিয়ারসহ মোট ৫৪৪ মিটার দীর্ঘ মূল সেতু। এর সঙ্গে ৯৪০ মিটার ভায়াডাক্ট এবং সেতুর দুই প্রান্তে সাড়ে ৪ কিলোমিটারের সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

 

 

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরান জানান, ২০২৮ সালের ৩০ জুন প্রকল্পের মেয়াদ শেষ হবে। সেতুটি চালু হলে মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জের সঙ্গে বরিশাল ও ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে, যা এ অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net