খবর বরিশাল ডেস্ক
বরিশাল নগরীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা আদিত্য কুমার মিস্ত্রি (৫৫) ও তার ছেলে অমিত কুমার মিস্ত্রি (২৫) হামলার শিকার হন। তারা উভয়েই পেশায় শ্রমিক। অভিযোগে স্থানীয় নাসির গাজীর ছেলে খাইরুল গাজীর নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আদিত্য কুমার মিস্ত্রি বলেন, তার ছেলেকে কাজ ছেড়ে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে থাকতে এবং মাদক বিক্রির প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় বাসা থেকে বের হওয়ার সময় তার ছেলেকে মারধর করা হয়। পরে ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও হামলার শিকার হতে হয়।
অমিত কুমার মিস্ত্রি দাবি করেন, গত ৩১ জানুয়ারি সকালে তাকে মাদক বিক্রিতে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজি না হওয়ায় পরদিন বিকেলে বাইরে বের হলে অভিযুক্ত ব্যক্তি তাকে ইয়াবা দেখিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন এবং একপর্যায়ে হামলা চালান। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
তিনি আরও বলেন, থানায় অভিযোগ করার খবর জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী ও আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে টিনশেড ঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর কোতোয়ালি মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় বেশকয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, জুলাই অভ্যুত্থানের পূর্বে অভিযুক্ত খাইরুল আওয়ামী নেতাদের ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা চালাতো। গন অভ্যুত্থানের পর কিছুদিন গা ঢাকা দিয়ে থেকে পুনরায় আবারো মাদকের বিস্তার ছড়াচ্ছে পুরো এলাকায়।
অভিযুক্ত খাইরুল গাজীর বক্তব্য জানতে তার ব্যবহৃত (০১৯***২৭৭) মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন উল ইসলাম বলেন, সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply