শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২৩

শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ বরিশালে স্কুল ফিডিংয়ে পচা কলা-বাসি ডিম গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল নুরু শিকদারের পরিবার হিজলায় পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, সমালোচনার ঝড় টানা বর্ষণে বিপর্যস্ত বরিশাল-ঢাকা মহাসড়ক উজিরপুরে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত বাকেরগঞ্জে বৈদ্যুতিক তার চোরের উৎপাত, বাদ যাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠান বরিশালে নতুন পুলিশ কমিশনার আবু রায়হানের যোগদান বরিশালে র‌্যাবের চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ আটক ১

প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হচ্ছে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এর মাধ্যমে ইউনিয়ন পর্যায়েই সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসা, টিকাদান, মাতৃ ও শিশুসেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ পাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বরিশাল নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত মাল্টি-সেক্টোরাল অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান তিনি।

ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে চিকিৎসার জন্য শহরমুখী হতে বাধ্য না হন, সে লক্ষ্যেই প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গড়ে তোলা গেলে গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া অনেক সহজ হবে। পাশাপাশি স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও কমিউনিটি ক্লিনিকসহ বিদ্যমান স্বাস্থ্যসেবা কাঠামোকে আরও কার্যকরভাবে সমন্বয় করা হবে।

সভায় ডিজিটাল স্বাস্থ্য কার্ড, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), এইচপিভি টিকাদান এবং ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাপনার ওপেন এসআরপি কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ডিজিটাল স্বাস্থ্য কার্ডের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন, এর মাধ্যমে একজন নাগরিকের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য একটি নিরাপদ ও সমন্বিত ব্যবস্থায় সংরক্ষণ করা সম্ভব হবে। ফলে দেশের যেকোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে গেলে রোগীর পূর্ববর্তী স্বাস্থ্যতথ্য সহজে পাওয়া যাবে। এতে দ্রুত রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসা দেয়ার পথও সুগম হবে।

তিনি আরও বলেন, সরকার বর্তমানে শুধু রোগ হওয়ার পর চিকিৎসা দেয়ার ওপর নির্ভরশীল স্বাস্থ্যব্যবস্থা থেকে ধীরে ধীরে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবার দিকে এগিয়ে যাচ্ছে। রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা অধিক কার্যকর।

এ লক্ষ্যে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও কমিউনিটি ক্লিনিকগুলোকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে প্রতিটি পরিবারের কাছে নিয়মিত স্বাস্থ্যসেবা, টিকাদান, মাতৃ ও শিশুসেবা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ পৌঁছে দেয়া হবে।

তিনি আরও বলেন, শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না; স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে জবাবদিহি, কার্যকর তদারকি এবং জনগণের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশে আরও আধুনিক, সমন্বিত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ডা. রিয়াদ মাহমুদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক আবদুর রাজ্জাক।

সভায় বরিশাল বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net