সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৯

গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ভাইরাল, অভিযুক্ত পলাতক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : বরিশালের গৌরনদীতে এক নারীকে জোরপূর্বক শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে এক যুবদল কর্মীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই কর্মী পলাতক রয়েছেন।

জানা গেছে, ঘটনাটি গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্বগ্রাম এলাকার। অভিযুক্ত শাহিন মৃধা মাহিলাড়া ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শাহীন ও তাঁর সহযোগীরা বিল্বগ্রাম এলাকায় একটি বসতঘরে ওই নারীকে এক তরুণের সঙ্গে আটকে রাখেন। এরপর ওই নারীকে লাঞ্ছিত করার পাশাপাশি জোরপূর্বক তাঁর আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। সম্প্রতি কে বা কারা সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভাইরাল হওয়া ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী নারী ওড়না দিয়ে নিজের সম্মান রক্ষার চেষ্টা করছেন। কিন্তু অভিযুক্ত যুবদল কর্মী শাহিন জোরপূর্বক তাঁকে হেনস্তা করে খাটে ফেলে ভিডিও ধারণ করছেন। ভিডিওতে ওই নারীকে চরমভাবে লাঞ্ছিত করার দৃশ্যও উঠে এসেছে।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই এলাকা ছেড়ে আত্মগোপন করেন অভিযুক্ত শাহিন মৃধা। তাঁর বক্তব্য জানার জন্য ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করব। ঠিক কী প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা ঘটেছে, সেটি জেনে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অন্যদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net