খবর বরিশাল ডেস্ক : চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৫টি বিদ্যালয়ের সব পরীক্ষার্থী পাস করেছেন। তবে বিপরীত চিত্রও রয়েছে। বোর্ডের আওতাধীন তিন জেলার পাঁচটি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
সোমবার (১০ আগস্ট) সকালে সার্বিক ফলাফলের তথ্য নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে থাকা মোট ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে বরিশাল জেলায় সাতটি, পিরোজপুরে তিনটি, বরগুনায় দুটি, ভোলায় দুটি এবং ঝালকাঠিতে একটি বিদ্যালয় রয়েছে। গত বছর এ বোর্ডে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ১৭টি।
এবার বোর্ডের ৯৩৯টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের বেশি। অন্যদিকে ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের নিচে। এর পাশাপাশি পাঁচটি বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
শতভাগ ফেল করা পাঁচটি বিদ্যালয়ের মধ্যে বরিশাল জেলায় দুটি, ঝালকাঠিতে দুটি এবং পিরোজপুরে একটি রয়েছে।
ফলাফলের তথ্য অনুযায়ী, ঝালকাঠি জেলা সদরের সাউরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন এবং কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের কেউই পাস করতে পারেননি।
এ ছাড়া পিরোজপুর জেলা সদরের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের আটজন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পাঁচজন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয়ের সাতজন পরীক্ষার্থী অংশ নেন। এই তিন বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই কৃতকার্য হননি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply