মো: শয়ন হাওলাদার : তীব্র গরমে যখন অতিষ্ঠ বরিশালের মানুষ, ঠিক তখনই ঘন ঘন লোডশেডিংয়ে আরও দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। অভিযোগ রয়েছে, দিনের ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না। একবার বিদ্যুৎ চলে গেলে অনেক সময় টানা দুই ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তবে শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দিনের বিভিন্ন সময়ে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় গ্রামের মানুষকে তীব্র গরমের মধ্যে আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের ভোগান্তি বেড়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বাসাবাড়ির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের পড়াশোনা এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
একজন বিদ্যুৎ গ্রাহক অভিযোগ করে বলেন, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য বিদ্যুৎ বিলের কাগজে দেওয়া অভিযোগের নম্বরে ফোন করলেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। অভিযোগের বিষয় জানালে সেখান থেকে একজন ইঞ্জিনিয়ারকে ফোন করতে বলা হয়। পরে ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
গ্রাহকদের প্রশ্ন—তাহলে বিদ্যুৎ সংক্রান্ত এসব ভোগান্তির অভিযোগ তারা কোথায় জানাবেন? সমস্যা সমাধানের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরও যদি সমাধান না মেলে, তাহলে সাধারণ গ্রাহকদের দুর্ভোগের দায় নেবে কে—এমন প্রশ্নও উঠেছে।
এদিকে বিদ্যুতের ইউনিটপ্রতি দাম বৃদ্ধির কারণেও গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে। একদিকে বাড়তি বিদ্যুৎ বিলের চাপ, অন্যদিকে দীর্ঘ সময় লোডশেডিং—দুই দিক থেকেই ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যুতের বিল নিয়মিত পরিশোধ করার পরও যদি দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ না থাকে এবং অভিযোগ জানিয়ে প্রতিকার পাওয়া না যায়, তাহলে গ্রাহকসেবার বিষয়টি নতুন করে ভাবা প্রয়োজন।
তীব্র গরমের এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, শহর ও গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের প্রকৃত কারণ জানানো এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বরিশালবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবা—দুই ক্ষেত্রেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply