রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১০

শিরোনাম :

বরিশালের সাংবাদিক মিরাজের দাফন সম্পন্ন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : তৃতীয় জানাজা শেষে বরিশালের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ এম মিরাজ হোসাইনের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বাদ জোহর মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে রোববার সকাল ৯টায় বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার ধান গবেষণা রোডে অবস্থিত মুজাহিদ মঞ্জিলে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় তার মরদেহ বরিশাল প্রেসক্লাব কার্যালয়ের সামনে নেওয়া হলে সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কফিনে শেষ শ্রদ্ধা জানান। এ সময় সহকর্মীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

পরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মিরাজ হোসাইনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়িতে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশালের পুরো মিডিয়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর আগে ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর তার নন-হজকিন লিম্ফোমা রোগ শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুর পর শনিবার বিকেল ৩টার দিকে মরদেহ ঢাকায় তার কর্মস্থল দৈনিক বণিক বার্তা কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে ওইদিন রাতেই মরদেহ বরিশাল নগরীর বাসায় আনা হয়।

এম মিরাজ হোসাইন বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম এবং বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য ছিলেন। তিনি দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net