বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০২

শিরোনাম :
ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে শোকজ পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি গৌরনদীতে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, চাচাতো চাচার বিরুদ্ধে মামলা বরিশাল বিএম কলেজে বিসিএস শিক্ষকদের কলমবিরতি অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ চিরতরে চলে গেলেন আজন্ম কষ্ট ও দারিদ্র্যতার সাথে যুদ্ধ করা শতবর্ষী এক সংগ্রামী নাড়ী মায়া রানী দাস ঘুমন্ত নারীর দুই কান ছিঁড়ে স্বর্ণালংকার লুট গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ালো বিআরটিএ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানেও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সরকারি নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে বলা হয়েছে। পাশাপাশি মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

আলোচনা সভায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে বলা হয়েছে।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও এ কর্মসূচির আওতায় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগেও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক মিডিয়ায় ওয়াজ মাহফিল, সেমিনার ও টক শো প্রচারের পাশাপাশি কিরাত, হামদ-নাত ও স্বরচিত কবিতা পাঠসহ শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে। এছাড়া আরবিতে খুতবা লেখা প্রতিযোগিতা এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ প্রান্তে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজন করা হয়েছে।

গত ১৩ আগস্ট ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দিবসটি পালনের বিভিন্ন জাতীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) ড. আয়াতুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমতিয়াজ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে ঈদে মিলাদুন্নবীর ধর্মীয় পরিবেশ ও পবিত্রতা বজায় রাখতে দিবসটির আগের দিন, দিবসটি এবং পরের দিন (মোট তিন দিন) ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কোনো সাংস্কৃতিক আয়োজন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ সময় যাত্রা, জারিগান ও আতশবাজির মতো আয়োজনও করা যাবে না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net