শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:২২

শিরোনাম :
বরিশালে ছাত্রলীগ কর্মীর হুমকিতে বিএনপি কর্মীর মৃত্যু! প্লাস্টিকের ব্যাগে পাওয়া নবজাতকের ঠাঁই ছোটমণি নিবাসে, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসা আগৈলঝাড়ায় ৬০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই আমার একমাত্র লক্ষ্য: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আন্দোলনের মুখে বিএম কলেজের উপাধ্যক্ষের পদায়ন বাতিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গ্রেফতার সরকারের ছয় মাসে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ উজিরপুর শাপলা বিলে পর্যটকদের ভিড়, বাড়ছে আয়ের সুযোগ সংসদের তৃতীয় অধিবেশন কাল, বড় ধাক্কার মুখে বিরোধী দল!

আন্দোলনের মুখে বিএম কলেজের উপাধ্যক্ষের পদায়ন বাতিল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :

বিসিএস ক্যাডার শিক্ষকদের টানা সাত দিনের আন্দোলনের মুখে বরিশালের সরকারি ব্রজমোহন(বিএম) কলেজের উপাধ্যক্ষ পদে অধ্যাপক মো. আবুল কালাম আজাদের পদায়ন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২০ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের ৮ নম্বর ক্রমিকে বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদকে একই কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল। ‘প্রশাসনিক কারণে।’ ওই পদায়ন বাতিল করা হলো।

এদিকে পদায়ন বাতিলের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার সকাল থেকে এ নিয়ে কলেজে উত্তেজনা দেখা দেয়। সকাল ১০টার দিকে অধ্যাপক আজাদের পক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একদল শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর বিপরীতে বিসিএস ক্যাডার শিক্ষকদের পক্ষে আরেকদল শিক্ষার্থী অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় প্রশাসনিক ভবন ও অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষকরা। পরে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।

কলেজের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সকালে অধ্যাপক আবুল কালাম আজাদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি কক্ষে যান। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর তারা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে অংশ নেন বলে সূত্রটির দাবি।

শিক্ষার্থীদের দাবি, বেলা সাড়ে ১১টার দিকে অধ্যক্ষ অধ্যাপক ড. তাজুল ইসলাম কলেজের মসজিদ গেট পর্যন্ত এসে প্রশাসনিক ভবনের সামনে হট্টগোল দেখতে পান। পরে তিনি গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

আন্দোলনরত বিএম কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম বলেন, ‘আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না। আমরা ক্যাডার শিক্ষকদের মর্যাদা রক্ষায় আন্দোলন করেছি। অধ্যাপক আবুল কালাম আজাদ ১০ শতাংশ কোটায় আসা নন-ক্যাডার শিক্ষক। ক্যাডার পদে নন-ক্যাডারদের পদায়নের বিরুদ্ধে আমরা ২০১৭ সাল থেকে আন্দোলন করে আসছি।’

তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল ক্যাডারভুক্ত কলেজের প্রশাসনিক পদে নন-ক্যাডার শিক্ষককে পদায়ন করা যাবে না। শেষ পর্যন্ত পদায়ন বাতিল হওয়ায় আমরা সন্তুষ্ট।’
এ বিষয়ে বক্তব্য জানতে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

প্রসঙ্গত, গত ২০ আগস্ট অধ্যাপক আবুল কালাম আজাদকে বিএম কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়। এর প্রতিবাদে পরদিন থেকে বিসিএস ক্যাডার শিক্ষকরা কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। টানা ছয় দিন তারা অধ্যাপক আজাদকে দায়িত্ব গ্রহণে বাধা দেন। বৃহস্পতিবার তার পদায়ন বাতিলের মধ্য দিয়ে ওই আন্দোলনের অবসান হলো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net