, ,

সেতু আছে, পাটাতন নেই

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের মিয়ারচর খালের ওপর নির্মিত লোহার সেতুটি প্রায় তিন বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। পাটাতন ভেঙে খুলে পড়ায় সেতুটির লোহার কাঠামো ও রডের ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিক্ষার্থী, নারী ও বয়োজ্যেষ্ঠরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে মিয়ারচর খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। খালের পানির স্রোতে ভাঙন সৃষ্টি হওয়ায় কয়েক বছর আগে সেতুর খুঁটি দেবে যায়। এতে পাটাতনে ফাটল ধরে এবং একপর্যায়ে কংক্রিটের অংশ খুলে পড়তে শুরু করে।

মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মিয়ারচর গ্রামের এই খালটি আড়িয়াল খাঁ নদ থেকে এসেছে। সেতুটি দিয়ে প্রতিদিন নাজিরপুর ইউনাইটেড ডিগ্রি কলেজ, মিয়ারচর মাধ্যমিক বিদ্যালয়, মিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়ারচর দাখিল মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যাতায়াত করে। পাটাতন না থাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা।

স্থানীয় বাসিন্দা রাসেল মুক্তাদির বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। পাটাতন খুলে যাওয়ায় লোহার কাঠামোর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের পাশাপাশি আপাতত অস্থায়ী পারাপারের ব্যবস্থা করা প্রয়োজন।

মিয়ারচর গ্রামের আলী আশ্রাফ ব্যাপারী বলেন, নির্মাণের কয়েক বছরের মধ্যেই সেতুর খুঁটি দেবে যায়। পরে কংক্রিটের পাটাতনও খসে পড়তে শুরু করে। নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়ে সেতুটি ভাঙা হলেও কাজ আর এগোয়নি। বর্তমানে শুধু লোহার কাঠামো অবশিষ্ট রয়েছে। সেটির ওপর দিয়েই মানুষ চলাচল করছে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. মুসা সিকদার বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় এলাকার মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণ করা হলে মানুষের ভোগান্তি কমবে।

নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটি উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বরাদ্দের অভাবে কাজ করা সম্ভব হয়নি।

নাজিরপুর ইউনিয়নের প্রশাসক ও মুলাদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, নথি অনুযায়ী, ২০১৯ সালে ইউনিয়ন পরিষদের অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়েছিল। খালের স্রোতে কয়েক বছর আগে খুঁটি দেবে যাওয়ায় পাটাতন ক্ষতিগ্রস্ত হয়। পরে সেতুটি ভেঙে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শেষ করা হবে।

এ বিষয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার বলেন, শিগগির সেতুটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net