খবর বরিশাল ডেস্ক ::
বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন পেয়েছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব তারিকুল ইসলাম। তাঁর পরিচিতি নম্বর ১৮২৮৬।
গত রোববার ২২ নভেম্বর বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। মাদারীপুর জেলার কৃতি সন্তান তারিকুল ইসলামের শিক্ষাজীবন ও কর্মজীবন—উভয় ক্ষেত্রেই রয়েছে উল্লেখযোগ্য অর্জন।
২০০৯ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে স্নাতক এবং ২০১৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ২০২৫ সালে অস্ট্রেলিয়ার খ্যাতনামা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করেন।
৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর ২০১৮ সালের আগস্টে রাজশাহী জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁর প্রশাসনিক কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে ২০২১ সালে ঝালকাঠি সদর উপজেলায় এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বরিশাল সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে ভূমি প্রশাসনের মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেন তিনি।
এরপর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে দায়িত্ব পালন শেষে পরবর্তী পদায়নের জন্য তাঁকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
বরিশাল সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের সুবাদে এ অঞ্চলের ভৌগোলিক, সামাজিক ও প্রশাসনিক বাস্তবতা সম্পর্কে তাঁর পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাকেরগঞ্জে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের জন্য নাগরিক সেবা আরও সহজলভ্য করার ক্ষেত্রে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে বরগুনার বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. মামুন খান এবং বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এমাদুল হোসেনকে পদায়ন করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply