, ,

শিরোনাম :
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ড্রেজার ও বাল্কহেডের মালিকদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আটক আটজনের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার পশ্চিম ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় চারটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িত আটজনকে আটক করা হয়।
পরে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের মোট দুই লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে আটক সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক অপরজনের বয়স ১৬ বছর হওয়ায় অপ্রাপ্তবয়স্ক হিসেবে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। আটকৃত ব্যক্তিদের সঙ্গে থাকা ড্রেজারগুলোর মধ্যে ‘সালায়া’, ‘একতা’, ‘চরমোনাই’ ও ‘আল মদিনা’ এবং বাল্কহেড ‘এমভি ইমামা’ রয়েছে।

জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহমদপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে রুবেল (২৭), বরিশালের মেহেন্দিগঞ্জ থানার চর মিঠুয়া গ্রামের কাশেম গাজীর ছেলে রিপন (২৫), ভোলা সদর উপজেলার ভেদুরিয়া গ্রামের বেলাল বকশির ছেলে নোমান মিয়া (২২), একই এলাকার সালাহউদ্দিনের ছেলে ইয়ামিন (১৬), ভোলা সদর উপজেলার উত্তর ইলিশা গ্রামের ভাসানী মাঝির ছেলে মো. আব্বাস (৩৮), বরিশালের বাকেরগঞ্জ থানার শিয়ালগনি গ্রামের মকবুল হাওলাদারের ছেলে পরশ মনি হাওলাদার, বরিশাল কোতোয়ালি থানার বিমানবন্দর এলাকার রফিক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার এবং একই থানার চন্দ্রমোহন এলাকার আব্দুল মজিদ খানের ছেলে মো. খলিল।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা ঝুঁকির মুখে পড়ছে। নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net