খবর বরিশাল ডেস্ক ::
মাদক বিক্রির প্রতিবাদ করায় বরিশালের গৌরনদীতে মানিক বেপারী নামে এক চা দোকানিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৫৮ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। শনিবার (৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আহত মানিক বেপারী নলচিড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নূর জামান বেপারীর ছোট ভাই। হামলায় তার হাতের কবজিতে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকার ধানমন্ডি অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সাইকেলযোগে নলচিড়া বাজারের দিকে যাচ্ছিলেন মানিক বেপারী। পথিমধ্যে কলাবাড়িয়া গ্রামের ৮ থেকে ১০ জনের একটি দল তার পথরোধ করে। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তার কাছে থাকা নগদ ৫৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ হামলার নেপথ্যে মাদক বিক্রিতে বাধা দেওয়ার ঘটনাকে দায়ী করছেন স্থানীয়রা। জুয়েল সরদার নামের এক ব্যক্তি জানান, গত ৫ নভেম্বর মানিক বেপারীর দোকানে বসে মাদক বিক্রির বিষয়টি দেখে তিনি প্রতিবাদ করেন এবং স্থানীয় বিএনপি নেতা মামুন স্বপন হাওলাদারকে বিষয়টি জানান। ওই ঘটনার জের ধরেই শনিবার মানিকের ওপর এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।
ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. জামাল খান, সোহেল খান, মুনা খান, সবুজ খান, বাবুল, সুমনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply