বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০২

শিরোনাম :
পোলট্রি, মৎস্য ও কৃষি খাত ধুঁকছে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে দুই ওসির সাক্ষ্যগ্রহণ শেষ ভরাটের কবলে জলাশয়, হুমকিতে প্রাণ-পরিবেশ কেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর? দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস হাঁটু মেঝেতে, জানালার গ্রিলে বাঁধা ছিল অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উজিরপুরে ক্লাস চলাকালে মাথায় পড়লো ছাদের পলেস্তারা, শিক্ষক আহত কালো ধোঁয়ায় দমবন্ধ জীবন, টায়ার রিসাইক্লিং প্লান্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান! পটুয়াখালী ৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ
রেকর্ডময় ম্যাচে বাংলাদেশের বিশাল জয়

রেকর্ডময় ম্যাচে বাংলাদেশের বিশাল জয়

dynamic-sidebar

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ২৬২ রানের বিশাল ব্যবধানে জিতেছে সাইফ হাসানের দল।
যুব ওয়ানডেতে রানের হিসাবে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৩ সালে প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৮ রানে জিতেছিল বাংলাদেশের যুবারা।
কুয়ালালামপুরে সোমবার আগে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৫ রান তোলে বাংলাদেশ। যুব ওয়ানডেতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। ২০১০ সালে যুব বিশ্বকাপে নেপিয়ারে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৩০৭ রান ছিল আগের সর্বোচ্চ।
জবাবে মালয়েশিয়া পুরো ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৭৩ রান! ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র একজন! অধিনায়ক বিরান্দীপ সিং করেন ৪৬ রান। এই ৪৬ রান করতে তিনি খেলেন ১৩০ বল। তার ৫টি চার ছাড়া মালয়েশিয়ার আর কেউ বাউন্ডারিই মারতে পারেনি!
সাইফউল্লাহ মালিক ৪৫ বলে ৮, মুহাম্মদ হাফিজ ৩২ বলে ২, মোহাম্মদ আরিফ ইউসুফ ২২ বলে ৪, হাইকাল খইর ২২ বলে ১ রান করেন। একজন তো ১৭ বলে করেছেন শূন্য!
১০ ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার শাখাওয়াত হোসেন। আফিফ হোসেন ১০ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। অধিনায়ক সাইফ ৯ ওভারে ৭ রানে একটি, রনি হোসেন ৭ ওভারে ১১ রানে নেন একটি উইকেট। নাঈম হাসান কোনো উইকেট না পেলেও ১০ ওভারে দিয়েছেন মাত্র ৮ রান! ১০ ওভারের ৭টিই মেডেন!
এর আগে টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটা যদিও ভালো ছিল না। ৩৬ রানের মধ্যেই ফিরেছিলেন দুই ওপেনার নাঈম শেখ (১৩) ও পিনাক ঘোষ (১২)। এরপরই তৃতীয় উইকেটে ১৯২ রানের বিশাল জুটি গড়েন সাইফ ও হৃদয়। যুব ওয়ানডেতে তৃতীয় উইকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। ২০১৬ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পিনাক ঘোষ ও নাজমুল হোসেন শান্তর ১৭৯ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ।
হৃদয় সেঞ্চুরি পেলেও সাইফ ১০ রানের আক্ষেপে পুড়েছেন। ১০৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাইফ করেন ৯০ রান। ১২০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ১২০ রান করেন প্রথম সেঞ্চুরি পাওয়া হৃদয়।
বাংলাদেশের সংগ্রহটা তিনশ পেরিয়েছে মূলত আমিনুল ইসলামের কল্যাণে। মাত্র ১৭ বলে ৪ ছক্কা ও ২ চারে ৩৯ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া আফিফ ৯ বলে ২১ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৯ বলে করেন ১৬ রান। তাতে যুব ওয়ানডেতে নিজেদের রেকর্ড সংগ্রহ পায় বাংলাদেশ। পরে বাংলাদেশ ম্যাচও জিতল রেকর্ড গড়েই।
এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। ২ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে সাইফের দল। সমান ম্যাচে ভারত ও নেপালের ২ পয়েন্ট করে। মালয়েশিয়া এখনো কোনো পয়েন্ট পায়নি। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ মঙ্গলবার ভারতের সঙ্গে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net