বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪১

শিরোনাম :
সোনারগাঁয়ে ২টি প্রাইভেটকারসহ ১০ ভুয়া ডিবি পুলিশ আটক

সোনারগাঁয়ে ২টি প্রাইভেটকারসহ ১০ ভুয়া ডিবি পুলিশ আটক

dynamic-sidebar

নারায়ণগঞ্জঃ


সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকা থেকে ২টি প্রাইভেটকারসহ ১০ ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। বুধবার দুপুরে ডিবি পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সহ তাদের আটক করা হয়।
সোনারগাঁ থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, দীর্ঘদিন যাবত সোনারগাঁসহ দেশের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে জিম্মি করে নগদ অর্থসহ গাড়ী ও মালামাল হাতিয়ে নিতো। সেই অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকদিন যাবত সোনারগাঁ থানা পুলিশ এ চক্রটিকে ধরার জন্য কাজ করছিল। বুধবার দুপুরে সোনারগাঁ থানার এসআই আব্দুর হকের নেতৃত্বে ফাঁদ পেতে ১০ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়। সোনারগাঁ থানা পুলিশ ফাঁদ হিসেবে একটি বালুর বস্তা নিয়ে লেগুনা যোগে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে কাঁচপুরের দিকে যাচ্ছিল। সোর্সের মাধ্যমে ভুয়া ডিবি পুলিশকে জানানো হয় ওই বস্তায় জমি বিক্রির ৬৫ লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এ খবরে ভুয়া ডিবি পুলিশের চক্রটি (ঢাকা মেট্টো গ-২৫-৯০৬৮ ও ঢাকা মেট্টো চ-১১-৪৭৮৬) দুটি প্রাইভেটকার নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় লেগুনার গতিরোধ করে। এসময় লেগুনাতে সাদা পোশাকে বালুর বস্তা নিয়ে থাকা সোনারগাঁ থানার এএসআই হাবিব ও উদয়কে ওই চক্রটি ডিবি পুলিশ পরিচয় দিয়ে বস্তাসহ নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আগে থেকে ওৎপেতে থাকা সোনারগাঁ থানা পুলিশের একাধিক টিম তাদেরকে ঘটনাস্থলে আটক করে। আটককৃতদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাপ, ডিবি পুলিশ লেখা তিনটি পোশাক, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি, একটি ওয়াকিটকি ও একাধিক ভুয়া ওয়ারেন্টের কাগজ উদ্ধার করা হয়।আটককৃত ভুয়া ডিবি পুলিশরা হলো এনামুল হক (৪০), মাসুদ করিম (৪০), মিন্টু খাঁন (৫০), হেলাল (৩৬), শেখ মোজাম্মেল হোসেন (৪৪), মনির হোসেন (৩৬), মাসুদ রানা (২৯), নূর ইসলাম (৩২), নুরুজ্জামান মোক্তার (৪৫), কুদ্দুছ (৩০)।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net