স্টাফ রিপোর্টার:মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খুনের চর গ্রামে সাবেক ইউপি সদস্য আজাদ সরদারের বাড়িতে বসে বোমা তৈরিকালে শফিকুল ইসলাম (১৮) নামের যুবকের বাম হাতের তিনটি আঙ্গুল উড়ে গেছে। আহত যুবক খুনের চর এলাকার ইউনুস শিকদারের ছেলে। গৌরনদী থানা পুলিশ শফিকুলকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক ইউপি সদস্য আজাদ সরদারের বাড়িতে বসে বোমা তৈরি করছিল শফিকুল। মুহূর্তেই বোমা বিস্ফোরণ হলে শফিকুল আহত হয়। পুলিশের গ্রেফতার এড়াতে শফিকুলকে গৌরনদী হাসপাতালে আনা হয়। সেখানে শফিকুল নিজেকে আাশিক সিকদার এবং পিতা জব্বার সিকদারের
মিথ্যা পরিচয় দেয়। তাছাড়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে সে আহত হয় বলে হাসপাতালের চিকিৎসককে অবহিত করে। চিকিৎসক মনিরুজ্জামান জানান, আহতের বাম হাতের ৩টি আঙ্গুল উড়ে গেছে এবং বাকী ২টি আঙ্গুলের মাথায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে বললেও আমার সন্দেহ হওয়ায় আমি গৌরনদী থানা পুলিশকে অবহিত করি। থানা পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এখন তার চিকিৎসা চলছে। গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম জানান, শফিকুলকে গ্রেফতার করে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে গ্রেফতারের বিষয়টি কালকিনি পুলিশকে অবহিত করা হয়েছে। কালকিনি থেকে পুলিশ আসার পর তাদের কাছে শফিকুলকে হস্তান্তর করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply