বিনোদন ডেস্ক:পারিশ্রমিক বাড়ালেন ঐশ্বরিয়া রাই
অভিনয়ের পাশাপাশি নিজের রূপের মহিমায় কোটি কোটি ভক্তের মন জয় করেছেন অনেক আগেই। তবে মাঝে বিয়ে করে কাজে কিছুটা বিরতি টানলেও আবারো অভিনয়ে ফিরেছেন ঐশ্বরিয়া রাই। বিরতির সময় অনেক আলোচনা-সমালোচনা হয় এই জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে। কেউ কেউ তো বলেই বসেছিলেন আর পর্দায় দেখা মিলবে না অ্যাশের। তবে এবার সবকিছু ছাপিয়ে নিজের কাজের পারিশ্রমিক বাড়িয়ে জানান দিলেন তিনি শেষ হয়ে যাননি।
জানা গেছে, ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাত অউর দিন’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। আর এই সিনেমার জন্যই তিনি ১০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন। যা তার অন্যান্য সিনেমার তুলনায় বেশি। রাত অউর দিন সিনেমাটিতে মাল্টিপল পার্সোনালিটি ডিজঅর্ডারে আক্রান্ত নারীর চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন অভিনেত্রী নার্গিস। সিনেমার রিমেকে দ্বৈত চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়াকে।
এ প্রসঙ্গে অ্যাশের একটি ঘনিষ্ট সূত্র জানায়, যেহেতু সিনেমায় ঐশ্বরিয়াকে দ্বৈত চরিত্রে দেখা যাবে এ জন্য তার বাড়তি প্রস্তুতি প্রয়োজন। এছাড়া এটি অনেক সময়সাপেক্ষ ব্যাপার। এ সময় তিনি অন্য কোনো সিনেমাতে কাজও করতে পারবেন না। তিনি যে পারিশ্রমিক দাবি করেছেন তা যথার্থ। কোনো প্রকার দর কষাকষি না করেই প্রযোজক এতে রাজি হয়েছেন।
আগামীবছরের মাঝামাঝি ইউরোপে সিনেমাটির শুটিং শুরু হবে। আর অভিনেত্রী নার্গিসের প্রতি বিশেষ শ্রদ্ধা জানাতেই সিনেমাটি রিমেক করছেন বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘জাজবা’ সিনেমার মাধ্যমে বিরতির পর আবারো পর্দায় ফেরেন ঐশ্বরিয়া। এরপর ‘সর্বজিত্’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় তাকে দেখেছেন তার ভক্তরা। এছাড়া বর্তমানে ‘ফ্যানি খান’ সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন তিনি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply