বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার করতে চান- করুক, কিন্তু আমাদেরকেও অধিকার দিতে হবে। খালেদা জিয়াও যাতে নির্বাচনের জন্য ভোট চাইতে মানুষের কাছে যেতে পারেন, সেটার ব্যবস্থাও থাকতে হবে। আমরা চাই বেগম খালেদা জিয়ারও নির্বাচনী প্রচার-প্রচারণার ব্যবস্থা করা হোক।
তিনি বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে একদিকে প্রধানমন্ত্রী সরকারি সুযোগ সুবিধা নিয়ে ভোট চাচ্ছেন, অভিযানে নেমেছেন অন্যদিকে উনার প্রতিপক্ষ বা রাজনৈতিক দল বিএনপি। এমনকি দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রীর চেয়ে জনপ্রিয় বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন। তিনি ভোট চাইতে পারবেন না- তা কখনও কাম্য হতে পারে না।
বুধবার বিকেলে দলের গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই। অথচ তকমা লাগানো হয়েছে উন্নয়নশীল দেশের। আসলে উন্নয়নশীল দেশের এ তকমা অর্থহীন। কারণ গণতন্ত্র ছাড়া কখনও সত্যিকারের উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী সারাদেশে সরকারি খরচে জনসভা করছেন, নৌকা মার্কায় ভোট চাইছেন। আর আমাদের কোথাও সভা সমাবেশ তো দূরের কথা রাস্তায় দাঁড়াতেও দিচ্ছে না। প্রধানমন্ত্রী সরকারি খরচে জনসভা করে নৌকার পক্ষে ভোট চেয়ে নির্বাচনীবিধি পরিপন্থী কাজ করছেন।
মওদুদ বলেন,আমরা সবসময় বলে এসেছি, আমরা এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে এবং সবাই যাতে সমান সুযোগ সুবিধার অধিকারী হয়। কেননা নির্বাচনী সমান্তরাল অবস্থা থেকে আমরা যদি নির্বাচন করি তাহলে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে পারবো।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply