মুলাদীতে ইভটিজার ও তার সহযোগীদের হুমকিতে এক কলেজ ছাত্রী ও তার পরিবারের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের ফকর উদ্দীন ঢালী বখাটে পুত্র চিহ্নিত ইভটিজার জুবায়ের ও তার সহযোগীদের হুমকিতে পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর লেখা-পড়া বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইভটিজিং এর ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীর চাচাতো ভাইয়ের ওপর হামলার ঘটনায় শনিবার বিকালে থানায় অভিযোগ দেওয়া হলে কোনো আসামী গ্রেফতার না হওয়ায় ইভটিজার ও তার সঙ্গীরা বেপরোয়া হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জানাগেছে দক্ষিণ গাছুয়া গ্রামের ফকর উদ্দীন ঢালীর পুত্র জুবায়েরের নেতৃত্বে বেশ কয়েকজন বখাটে দীর্ঘ দিন ধরে মিয়ারহাট এলাকার আশেপাশে অবস্থান করে পূর্ব হোসনাবাদ ডিগ্রি কলেজ ও গাছুয়া আঃ কাদের মাধ্যমিক বিদ্যালয়গামী ছাত্রীদের ইভটিজিং করে আসছিলো। ৭/৮দিন আগে জুবায়ের একই এলাকার সাইদুরের চাচাতো বোন ও পূর্ব হোসনাবাদ কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে প্রেমের প্রস্তাবসহ কু-প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে। সাইদুর স্থানীয় লোকজন নিয়ে এর প্রতিবাদ করলে স্থানীয়দের চাপের মুখে জুবায়ের ছাত্রীদের উত্যাক্ত করবে না বলে মুচলেকা দেয়। কিন্তু ঘটনার পরদিনই জুবায়ের ও তার বড় ভাই শাওন বিষয়টি নিয়ে সাইদুরের সাথে কথার কাটাকাটি করে এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। শনিবার সোয়া ১২টার দিকে সাইদুর মুলাদী সিনেমা হলের সামনে থেকে মোটরসাইকেল যোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দক্ষিণ পশ্চিম মুলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছলে জুবায়েরের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী পথরোধ করে হামলা চালিয়ে সাইদুরকে হত্যার চেষ্টা চালায় এবং তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা সাইদুরকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সাইদুরের পিতা আঃ রব রতন বাদী হয়ে জুবায়েরসহ ৬জনকে আসামী করে শনিবার বিকালেই মুলাদী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে কলেজ ছাত্রীকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ দায়েরের পর থেকেই বখাটে জুবায়ের ও তার সহযোগীরা ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে ছাত্রীর পরিবার অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে কলেজ ছাত্রী নিরাপত্তার অভাবে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। এভাবে চলতে থাকলে ওই ছাত্রীর লেখা-পড়া বন্ধ হয়ে যেতে পারে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply