রাহাদ সুমন,বানারীপাড়া॥ ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদের বিচারের দাবীতে উত্তপ্ত বানারীপাড়ার বাইশারী ইউনিয়ন। বাইশারী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে গত মঙ্গলবার অনাস্থা প্রস্তাবের পর গতকাল বুধবার ইউনিয়ন আ’লীগ অঙ্গসংগঠন,মুক্তিযোদ্ধা সংসদ,সুশীল সমাজ ও ইউনিয়ন জাসদ সহ ১১জন ইউপি সদস্য বিক্ষোভ মিছিল শেষে মাইনুল হাসান মোহাম্মদের কুশপুত্তলিকা দাহ করেন। বুধবার সকাল ১০টায় ইউনিয়নের প্রান কেন্দ্র বাইশারী বাজারের সদর রোডে হাজারো সাধারন মানুষের উপস্থিতিতে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদের কুশপুত্তলিকা দাহের মাধ্যমে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এসময় ১১ জন ইউপি সদস্য শপথ বাক্যে প্রতিজ্ঞ হয়ে মোহাম্মদ চেয়ারম্যানের দুর্নীতির বিচার ও তার অপসারনের দাবী করেন। দুর্নীতিবাজ চেয়ারম্যানের হাত থেকে সাধারন মানুষকে বাঁচাতে প্রয়োজনে সকল সদস্যরা একত্রিত হয়ে ইউপি সদস্য পদ ছেড়ে দিবেন বলেও ঘোষণা দেন। বাইশারী ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিম সরদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সম্পাদক লুৎফর রহমান পারভেজ,উপজেলা যুবলীগ সম্পাদক মাইনুল হাসান রুম্মন,ইউনিয়ন যুবলীগ আহবায়ক জিয়াউদ্দিন জুয়েল,উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি খলিলুর রহমান,ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান রনি,যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম হাসান প্রমূখ। এদিকে ওই এলাকার অসহায় কুদ্দুস সিকদার জানান ভুমিদস্যু ইদ্রিস সিকদারের সহযোগিতায় মোহাম্মদ চেয়ারম্যান প্রতারনার মাধ্যেমে শুধু এক বেলা ভাত খাইয়ে আমার ৫০শতাংশ জমি জালিয়াতি করে নিয়ে যায়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply