বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৭

বরিশালে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

dynamic-sidebar

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে বরিশালে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টায় বরিশালের ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল) মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস।

বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র বরিশালের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এস এম ইকবাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক স. ম. ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক ড. অলক সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাহাবুবুল আলম, ব্রজমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভ্রাম্যমাণ বইমেলার সিনিয়র ইনচার্জ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী।

বইমেলা সূত্রে জানা যায়, প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্বস্তরের পাঠক ক্রেতার জন্য খোলা থাকবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকাশনাসহ দেশ-বিদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার বই রয়েছে।

আয়োজকরা জানান, ‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে একটি জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র সারাদেশে এ বইমেলা কার্যক্রম পরিচালনা করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের এটি ৮৫তম বইমেলা। সারা দেশের সকল বিভাগীয় শহর, জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে পর্যায়ক্রমে এ বইমেলা অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net