অনলাইন ডেস্ক : আকাশে মেঘের ওড়াওড়ি আছে। রোদও আছে, সেই রয়েছে তাপমাত্রাও। এ অবস্থা গত কয়েকদিন ধরেই বিরাজ করছে। গরম থেকে রেহাই পেতে বৃষ্টির প্রত্যাশা করছে অনেকেই। এরইমধ্যে বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি আকারে অবস্থান করায় বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল ৯টার বুলেটিনে আবহাওয়া অফিস বলছে, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, মৌসুমী বায়ু দেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজমান রয়েছে। রংপুর বিভাগের অনেক জায়গায়, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
দেশের দক্ষিণাংশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য জায়গায় তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৩৮ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত হয়েছে সামান্য। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply