শামীম আহমেদ বরিশাল ॥ চতুর্থ শ্রেণীর ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রাম্য সালিশে জেলার গৌরনদী উপজেলার বাঘমারা বড়দুলালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লতিফ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বার্থী এলাহী অটো রাইচ মিলে অনুষ্ঠিত এক সালিশ বৈঠকে এ জরিমানা করা হয়।
সালিশ বৈঠক সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর মালিকানাধীন এলাহী অটো রাইচ মিলে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ বৈঠকে জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, নুরুজ্জামান ফরহাদ মুন্সী ও বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজ্জাক হাওলাদার উপস্থিত ছিলেন। উল্লেখিত সালিশরা এ জরিমানা করেছেন।
জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন সালিশ বৈঠকের সত্যতা স্বীকার করে বলেন, ফরহাদ মুন্সীর রাইচ মিলে উভয়পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্ত শিক্ষক লতিফ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করে নির্যাতিতার পরিবারের হাতে দেয়া হয়েছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল আহসান খোকন খান বলেন, পুরো বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ম্যানেজিং কমিটির জরুরি সভায় বসা হয়েছে। সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বাঘমারা বড়দুলালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে গত বৃহস্পতিবার সকালে স্কুলের শ্রেণিকক্ষে অতিরিক্ত সময় প্রাইভেট পড়ানোর কথা বলে ধর্ষণের চেষ্টা চালায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক লতিফ খান।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply