খবর বরিশাল ডেস্কঃ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে নির্বাচিত ঘোষণা করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি নিজেই। শনিবার (৩ মে) বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ফয়জুল করিম বলেন, “৫ আগস্টের পর দেশে বিচার পাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। তাই আমরা আদালতে গিয়েছি। চট্টগ্রাম ও ঢাকার মতো বরিশালেও ন্যায়বিচার আশা করছি।” তিনি জানান, নির্বাচনের দিন দুপুরের আগেই ৩০ ভাগের বেশি ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে এবং তার ওপর হামলা চালিয়ে নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, “আমাদের মামলা করতে কিছুটা দেরি হলেও আদালতের এখতিয়ার রয়েছে মামলা গ্রহণ করার। আমি বিশ্বাস করি, আদালত ন্যায়বিচার করবেন।” ৫ মে মামলার শুনানির দিনে রাজপথে নামা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ফয়জুল করিম বলেন, “আদালতের ওপর আস্থা রাখুন, আমরা ইনশাআল্লাহ ন্যায়বিচার পাব।
” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফয়জুল করিমের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ নাসির, মহানগর সভাপতি লোকমান হাকিম ও সিনিয়র সহসভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার। প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বাতিল ও ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে একটি মামলা করা হয়, যার শুনানি আগামী ৫ মে ধার্য রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply