এইচ আর হীরা :
ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে ভুয়া মামলা সাজিয়ে প্রায় ১৮ একর ১৫ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ তুলেছে বরিশাল ও ঝালকাঠির কয়েকটি পরিবার। এ অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে।
রবিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উত্থাপন করেন ভুক্তভোগীরা। তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বোরহান উদ্দিন মিলন।
লিখিত বক্তব্যে মিলন দাবি করেন, আমু অপসোনিনের অংশীদার এবং কোম্পানিটির বর্তমান কর্তাব্যক্তিদের আত্মীয়। তার প্রভাব খাটিয়ে এবং অপসোনিনের মালিক রাকিব খান ও রউফ খানের সহায়তায় ১৯৬৫-৬৬ সালের একটি মিস কেস (মামলা নং ২৩০/৬৫-৬৬) সাজিয়ে সাতটি পরিবারের জমি দখল করা হয়েছে।
তিনি জানান, এই মামলার কোনো অস্তিত্ব নলছিটি এসিল্যান্ড অফিসের রেকর্ডে নেই। তবুও রাকিব খানের নামে বরিশাল সাব-রেজিস্ট্রি অফিসে দলিল (নং ৪৩১৯/১৯ ও ৩৮২৮/২০০০) নিবন্ধন করা হয়েছে। দলিল অনুযায়ী জমিটি জাগুয়া ইউনিয়নের ১২৭ নম্বর জে.এল. দেখানো হলেও প্রকৃতপক্ষে সেটি ৫৪ নম্বর জে.এল.-এর জমি, যা ভুয়া দলিল প্রণয়নের প্রমাণ বলে ভুক্তভোগীদের দাবি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রাকিব খান, রউফ খান ও বজলুর রহমান রাঢী কীর্তনখোলা নদীর গতিপথ পরিবর্তন করে ও নদী ভরাট করে শিল্প-কারখানা নির্মাণ করেছেন, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। সেই সঙ্গে দরিদ্র মানুষ ও সরকারি খাস জমিও জবরদখল করা হয়েছে বলে দাবি করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, তারা ঝালকাঠির আদালতে মামলা করলেও ২৩ বছরেও আসামিরা হাজির হননি। আদালত অবমাননার প্রেক্ষিতে বর্তমানে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে (জি.আর. মামলা নং ৩১/২৫ ও সি.আর. মামলা নং ১৪৭/২৫)।
তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং অভিযুক্তদের বিচার ও দখলকৃত জমি ফেরত দেওয়ার দাবি তোলেন।
অভিযোগ করা হয়, অপসোনিন ফার্মাসিউটিক্যালসের কিছু কর্মকর্তা-কর্মচারী বজলু রাঢী, মো. পারভেজ আহমেদ, রফিক আহমেদ, জসিম উদ্দিন ও ফিরোজ আহমেদ এই জালিয়াতিতে সরাসরি জড়িত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জালাল আহমেদ খান, জাহাঙ্গীর খান, সিরাজুল ইসলাম গাজী, সাইফুল ইসলাম এবং অ্যাডভোকেট সাইফুল।
এ বিষয়ে জানতে অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্মকর্তা রফিক আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানমূলক প্রতিবেদন জানতে চোখ রাখুন “খবর বরিশাল” অনলাইন নিউজ পোর্টালে ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply