খবর বরিশাল ডেস্ক:
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও প্রজাস্বত্ব আন্দোলনের অগ্রদূত শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী আজ রোববার (২৬ অক্টোবর)। শিক্ষানুরাগ, মানবপ্রেম ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক এই মহামানব ইতিহাসে অমর হয়ে আছেন বাংলার কৃষক-শ্রমিকের নেতা হিসেবে।
১৮৭৩ সালের (২৬ অক্টোবর) ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এ. কে. ফজলুল হক। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
শেরে বাংলার অবদান শুধু রাজনীতিতেই নয়, শিক্ষা বিস্তার, সামাজিক সংস্কার ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায়ও তিনি ছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন, যা পরবর্তীতে পাকিস্তান সৃষ্টির ভিত্তি রচনা করে। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন, যা পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক হয়ে ওঠে।
জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শেরে বাংলার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও আলোচনা সভা। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শেরে বাংলার জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে।
বাংলার ইতিহাসে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এমন এক নাম, যিনি সারাজীবন সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার জন্য লড়াই করে গেছেন। তাঁর অবদান আজও বাঙালির জাতীয় ইতিহাসে অনুপ্রেরণার উৎস হিসেবে স্মরণীয় হয়ে আছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply