মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৪

নগরীতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো শিশু!

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক : 
বরিশাল নগরীর ব্যস্ততম এলাকা সদর রোডে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়িয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিবির পুকুরপাড় সংলগ্ন “দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি” ভবনের ৬তলা থেকে একটি আড়াই ফুট লম্বা গ্লাস খুলে নিচের ফুটপাতে পড়ে যায়। ঘটনাস্থলটি পোশাকের শোরুম ‘ইজি’ গেইটের পাশেই ছিল।

সৌভাগ্যবশত, গ্লাসটি পড়ার মুহূর্তে সেখানে থাকা এক শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। শিশুটিকে তাৎক্ষণিকভাবে পাশের একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী শাওন বলেন, “আমি হোটেল কিংফিশারের মূল গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দেখি উপর থেকে একটা বড় গ্লাস পড়ে ভেঙে গেছে। ভাগ্যিস তখন কেউ নিচ দিয়ে যাচ্ছিল না, না হলে বড় বিপদ ঘটতে পারত।”

এসময় আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকান মালিক বলেন, “শুনেছি গ্লাসটা কিংফিশার হোটেলের ৬তলা থেকে খুলে পড়েছে। এখন তো ভবনের নিচ দিয়ে যেতে ভয় লাগে।”

ঘটনার পর পরই ভবনের দায়িত্বশীলরা ঘটনাস্থলে ছুটে আসেন। কিংফিশার হোটেলের ম্যানেজার জাকির হোসেন বলেন, “আমরা সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এনে ভবনের গ্লাসগুলো পরীক্ষা করিয়েছি। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ বিষয়ে হোটেলের মালিক নিজাম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা জানান, সদর রোডের অধিকাংশ ভবনই প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে নির্মিত। এতে পথচারীদের চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, তেমনি ভবনের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নবিদ্ধ।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ তদারকি জোরদারের দাবি উঠেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net