বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৯

শিরোনাম :

বরিশাল বিসিকে সুতা কারখানায় অগ্নিকাণ্ড

dynamic-sidebar

অল্পের জন্য রক্ষা পেল দেড় শতাধিক শ্রমিক 
খবর বরিশাল ডেস্ক :
বরিশালের বিসিক শিল্পনগরীতে অবস্থিত খানসন্স টেক্সটাইল মিলের একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আকস্মিকভাবে লাগা আগুনে মুহূর্তেই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে কারখানার দেড় শতাধিক শ্রমিক আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।

শ্রমিকদের বরাত দিয়ে জানা যায়, কারখানার ভেতরে এসি মেরামতের সময় বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিট হলে আগুন সৃষ্টি হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

শ্রমিক লিপি জানান, “একটি তার শর্ট করলে সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।” আরেক শ্রমিক মকবুলের অভিযোগ, প্রতিষ্ঠানটির অগ্নিনির্বাপক যন্ত্র দীর্ঘদিন অচল থাকায় শুরুতেই আগুন নিয়ন্ত্রণে শ্রমিকদের বেগ পেতে হয়। তিনি দ্রুত কারখানার নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের দাবি জানান।

আগুন লাগার খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে।”

কারখানার ম্যানেজার যতীন্দ্রনাথ মিস্ত্রি বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের দ্রুত তৎপরতায় বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net