খবর বরিশাল ডেস্ক :
আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগবালাই থেকে নগরবাসীকে সুরক্ষায় ব্যাপক প্রস্তুতি ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এরই অংশ হিসেবে শনিবার (৬ জুন) সকাল থেকে নগরজুড়ে একযোগে বিশেষ ‘জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু হয়েছে।
শনিবার সকালে এই পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে এক বর্ণাঢ্য সচেতনতা র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমান।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে অতিথিদের নেতৃত্বে নগরীতে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয়।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের একার চেষ্টা যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। ঘরের আঙিনা, ফুলের টব বা যেকোনো পাত্রে যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানানো হয়। একই সাথে বিসিসির পরিচ্ছন্নতা কর্মীদের নগরীর প্রতিটি ওয়ার্ডে ড্রেন পরিষ্কার ও নিয়মিত মশার ওষুধ ছিটানোর ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বরিশালের জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. লোকমান হাকিম এবং বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী। এছাড়াও সিভিল সার্জন ডা. মঞ্জুর ই এলাহীসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পুরো বর্ষা মৌসুমজুড়ে নগরীর প্রতিটি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ধাপে ধাপে জোরদার করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply