খবর বরিশাল ডেস্ক : গৌরনদী উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরু শিকদারের পরিবারের বসতঘরসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত ফ্রিজের বৈদ্যুতিক সকেট থেকে হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের প্রাথমিক ধারণা।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
ক্ষতিগ্রস্ত নুরু শিকদারের পরিবারের দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পরিবারের বেঁচে থাকার শেষ সম্বলটুকুও হারিয়ে এখন তারা মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছেন।
এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। এ ঘটনায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply