খবর বরিশাল ডেস্ক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রহমতপুর বাসস্ট্যান্ডের যাত্রীছাউনি থেকে উদ্ধার করা এক মানসিক ভারসাম্যহীন নারীর নবজাতক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন সংকটাপন্ন অবস্থায় শিশুকন্যাটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রহমতপুর বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির ভেতর ওই মানসিক ভারসাম্যহীন নারী একটি সন্তান প্রসব করেন। প্রসবের পর উপযুক্ত পরিচর্যার অভাবে নবজাতকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। বিষয়টি জানতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিজে উদ্ধার কার্যক্রমের তদারকি করেন এবং সংকটাপন্ন নবজাতককে তাঁর গাড়িতে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, ‘দুঃখজনকভাবে সময়মতো তথ্য না পাওয়ায় নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনতে কিছুটা দেরি হয়ে যায়। এতে শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছিল। তার সুচিকিৎসা নিশ্চিত করতে সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।’
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply