সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৫

শিরোনাম :

বরিশাল থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক:
মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রাখার আড়াই ঘণ্টা পর তা স্বাভাবিক হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস পাওয়ার পর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেন বাস মালিক ও শ্রমিকেরা।

এর আগে সোমবার দুপুর পৌনে ২টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে টার্মিনালে আটকা পড়েন দূরপাল্লার যাত্রীরা। বিভিন্ন গন্তব্যের বাস না পেয়ে অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।

বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক-মালিকদের বিরোধ দীর্ঘদিনের। বরিশাল থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে মাহিন্দ্রাচালকদের বিরোধের সৃষ্টি হয়। পরে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় মাহিন্দ্রাচালকেরা একত্র হয়ে বাস শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে বানারীপাড়াগামী অন্য বাসেও একই ধরনের ঘটনা ঘটে। এর প্রতিবাদে প্রথমে বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৪টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে এর সঙ্গে দূরপাল্লার বাসও যুক্ত হয়।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বানারীপাড়া রুটের বাসে মাহিন্দ্রাচালকেরা সড়ক আটকে বাস শ্রমিকদের সঙ্গে ঝামেলায় জড়ান। প্রথম দিকে শ্রমিকেরা কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে পরিস্থিতির কারণে দুপুরে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন তাঁরা। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস পাওয়ায় বিকেলে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ বিষয়ে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক বা মালিকদের বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তাঁরা আলোচনায় বসতে সম্মতি দিয়েছেন। বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। নথুল্লাবাদ বাস টার্মিনালে বাসের অপেক্ষায় থাকা যাত্রীদের অনেককেই দীর্ঘ সময় বসে থাকতে দেখা যায়। দূরপাল্লার বাসে উঠে পড়া যাত্রীরাও গাড়ি ছাড়ার অপেক্ষায় আটকে ছিলেন। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net