মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৪

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক :
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও দান-সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

২০২৭ সালে রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে এসব তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখে এক দিন এদিক-সেদিক হতে পারে।ইসলামী বর্ষপঞ্জির মাস ২৯ বা ৩০ দিনের হয়। নতুন চাঁদ দেখার ভিত্তিতে মাসের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়। তাই জ্যোতির্বিজ্ঞানের হিসাব থেকে সম্ভাব্য তারিখ জানা গেলেও ধর্মীয়ভাবে চূড়ান্ত ঘোষণা আসে চাঁদ দেখার পর।

২০২৭ সালে রমজান শুরু কবে?
জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ বা ৭ ফেব্রুয়ারি রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ২৯ শাবান চাঁদ দেখা কঠিন হওয়ায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। সে হিসাবে সংযুক্ত আরব আমিরাতে ৮ ফেব্রুয়ারি ২০২৭ থেকে রমজান শুরু হতে পারে।

তবে চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

ঈদুল ফিতর কবে হতে পারে?

রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় ঈদুল ফিতর। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে ২০২৭ সালের ৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ১০ মার্চ বুধবার ঈদ হতে পারে।

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

হিজরি জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ বা ৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে ঈদুল আজহা ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার হতে পারে।

মুহররম শুরু কবে?

ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মুহররম। জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৪৪৯ হিজরি সালের প্রথম দিন অর্থাৎ ১ মুহররমের তারিখও নির্ধারিত হবে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, পরিস্থিতিভেদে ৫ থেকে ৭ জুন ২০২৭-এর মধ্যে নতুন ইসলামি বছর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও মুহররমের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। সূত্র: খালিজ টাইমস

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net