খবর বরিশাল ডেস্ক ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ২০২৭-২০২৮ কার্যকালের জন্য মহানগর আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। ১৪ নভেম্বর রাতে বরিশাল নগরীর ইউরো কনভেনশন হলে আয়োজিত এক বিশেষ দায়িত্বশীল সমাবেশে তিনি এ শপথ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কোনো অপশক্তির কাছে মাথানত করা হবে না। ইসলামী আন্দোলনের কর্মীদের শহীদি তামান্না নিয়ে ময়দানে কাজ করতে হবে। ব্যাপক দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে বরিশাল মহানগরীর প্রতিটি পাড়া-মহল্লায় ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে। সংগঠনকে শক্তিশালী না করে আন্দোলনকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই প্রতিটি ভোটকেন্দ্রভিত্তিক শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে এবং স্থানীয় নির্বাচনে জোরালো ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বরিশাল মহানগরী এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংগঠনিক কেন্দ্র। এখানে সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পেলে পুরো বরিশাল বিভাগে ইসলামী আন্দোলন আরও শক্তিশালী হবে। বিভাগীয় শহরে কেন্দ্রীয় সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে। আগামী ২০২৭-২০২৮ সেশন হবে সংগঠন সম্প্রসারণের সেশন। এ সময়ে সংগঠনের পরিধি দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত। শহীদি তামান্না নিয়ে শহীদ নেতৃবৃন্দের আদর্শ অনুসরণ করে সব ধরনের জুলুম-নির্যাতন উপেক্ষা করে জান্নাত লাভের প্রত্যাশায় কাজ করে যেতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী, বরিশাল জেলার সাবেক আমির মাওলানা আব্দুল জব্বার, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম, নবনির্বাচিত বরিশাল জেলা আমির ড. মাহফুজুর রহমান, মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহসহ মহানগর কর্মপরিষদের সদস্যবৃন্দ।
মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সাংগঠনিক জীবন:
মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮৭ সালে ইসলামী ছাত্রশিবিরে যোগদানের মাধ্যমে তাঁর সাংগঠনিক জীবনের সূচনা হয়। একই বছর তিনি কর্মী হিসেবে উন্নীত হন। ১৯৯১ সালে সাথী এবং ১৯৯৩ সালে সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
ছাত্রশিবিরের দায়িত্ব পালনকালে তিনি ফরিদগঞ্জ বহুমুখী ফাজিল মাদ্রাসা শাখার সভাপতি, বাবুগঞ্জ উপজেলা সভাপতি, ঢাকা মহানগরীর লালবাগ ও সবুজবাগ থানা সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের বায়তুল মাল সম্পাদক, বরিশাল জেলা পূর্বের সভাপতি, বরিশাল মহানগরীর সেক্রেটারি এবং সর্বশেষ ফরিদপুর শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে ছাত্রজীবনের দায়িত্ব শেষ করেন।
একই বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করে বরিশাল মহানগরীর আলেকান্দা অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন এবং রুকন হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তী সময়ে আলেকান্দা থানা, মহানগর কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে মহানগর আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি ২০২৩ সাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply