খবর বরিশাল ডেস্ক :
বরিশালের আগৈলঝাড়া থানায় বোমা হামলার প্রস্তুতিকালে এক ইজিবাইক চালককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আড়াই লিটার প্রেসার কুকার বোমা উদ্ধার এবং একটি ইজিবাইক জব্দ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান এসব তথ্য দেন। এদিন দুপুরে আগৈলঝাড়া বাইপাস সড়কের পাশের নির্মাণাধীন স্টেডিয়ামের বালুর মাঠে এসআরবির সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আলাউল হাসান জানান, বোমা উদ্ধারের ঘটনায় আগৈলঝাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে ৪৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন থানার উপপরিদর্শক আল আমিন খালাসী। তিনজনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয় ওই মামলায়।
এজাহারনামীয় তিন আসামিরা হলেন, আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে মো. কাউছার খলিফা (২২), পূর্ব সুজনকাঠি গ্রামের সরোয়ার দাড়িয়ার ছেলে ফাহিম দাড়িয়া (২৬) ও মো. মধ্য শিহিপাশা গ্রামের আব্দুল হাকিম ঘরামীর ছেলে মো. নাসির (২৫)। এদের মধ্যে অটোরিকশা চালক মো. কাউছার খলিফাকে বোমাসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজারের উদ্দেশে যাচ্ছিল চালক কাওছার খলিফা। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ইজিবাইকসহ চালক কাওসার খলিফাকে আটক করতে সক্ষম হন তারা। পরে ইজিবাইক থেকে একটি ব্যাগের ভেতর থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন, চলমান গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুরসহ আশপাশের এলাকায় সংঘটিত কর্মকাণ্ডের সূত্র ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি আগৈলঝাড়া এলাকায় সহিংসতার অংশ হিসেবে বোমা মজুত করেছিল। আগৈলঝাড়া থানায় তাদের হামলার পরিকল্পনা ছিল।
তিনি বলেন, ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম এরই মধ্যে কাজ করছে। জড়িতদের বিষয়ে জানতে আদালতের কাছে আটক কাওসারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply