, ,

শিরোনাম :
সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার

বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত এক ব্যক্তির বসতঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগ করেছে। এতে ঘর দুটি সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শাহজিরা গ্রামের আজিজ মীরা (৬৫)-এর গোয়ালঘরে একটি চোরাই গরু রয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে গরুটি শনাক্ত করার দাবি করেন। এ সময় আজিজ মীরা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে তাদের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে নিরাপত্তাহীনতায় ভুগে আজিজ মীরার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় বাসিন্দা মৃত নাজিম আলী শিকদারের ছেলে আদম আলী শিকদার জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বুধবার রাত ৩টা পর্যন্ত তিনি নিজের গোয়ালঘর পাহারা দেন। পরে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বৃষ্টির কারণে মাটিতে গরুর পায়ের ছাপ দেখতে পেয়ে সেগুলো অনুসরণ করে একই গ্রামের আজিজ মীরার বাড়িতে যান। সেখানে গরু পালনের বিষয়ে জানতে চাইলে আজিজ মীরা গরু পালন করেন না বলে জানান। পরে তার গোয়ালঘর থেকে গরুর শব্দ শুনে ভেতরে গিয়ে নিজের গরু শনাক্ত করেন বলে দাবি করেন আদম আলী।

এদিকে স্থানীয় বাসিন্দা মৃত ওসমান খানের ছেলে নাসির খান অভিযোগ করেন, তার একটি গরু ১০ দিন আগে হারিয়ে যায়। বৃহস্পতিবার সকালে আজিজ মীরার বাড়িতে চোরাই গরু উদ্ধারের খবর পেয়ে সেখানে যান তিনি। পরে গোয়ালঘরের পাশের গোবরের স্তূপ থেকে গরুর রশি ও নিজের হারিয়ে যাওয়া গরুর চামড়ার অংশ দেখতে পান বলে দাবি করেন। তার ধারণা, গরুটি জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শাহজিরা, সাকোকাঠি, উজিরপুর ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নসহ আশপাশের এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বেড়েছে। এতে গরুর খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আজিজ মীরাকে জনতার হাতে ছেড়ে দেওয়ার দাবিতে উত্তেজিত লোকজন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে সকাল ৭টার দিকে আজিজ মীরার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পরিস্থিতির আরও অবনতি ঘটে। খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও পাশের আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে গরু চুরির অভিযোগে আজিজ মীরা, তার শ্যালকের ছেলে গৌরনদীর গোবর্দ্ধন বড়বাড়ি এলাকার বাসিন্দা সাকিল হোসেন এবং আগরপুর এলাকার নয়ন শিকদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, পুলিশ আটক ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার পর সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি আজিজ মীরার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পুনরায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, উভয় ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিরা গরু চুরির সঙ্গে জড়িত কি না এবং অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net