চুরি-ছিনতাইয়ে দিশেহারা স্থানীয় বাসিন্দারা
মো: শয়ন হাওলাদার :
বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের আনাগোনা, চুরি ও ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, সন্ধ্যা নামলেই কয়েকটি নির্দিষ্ট স্থানে মাদকসেবীদের জটলা ও মাদক সেবনের আসর বসে। বিশেষ করে নগরীর জিয়া সড়কের প্রথম গলিতে মাস্টার বাড়ি সংলগ্ন খাঁ বাড়িকে মাদকসেবীদের অন্যতম আড্ডাস্থল হিসেবে চিহ্নিত করেছেন তাঁরা।
এ ছাড়া কাজিপাড়া, লোহার পোল, নলীর দাসের পোল ও সেন্ট্রাল হাসপাতালের আশপাশের বিভিন্ন অলি-গলিতেও মাদক, চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গত ২১ নভেম্বর লোহার পোল এলাকায় তার চুরির সময় ফারুকের ছেলে আলভীকে হাতেনাতে আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আলভীর বাবা ফারুক। এ সময় বাবা-ছেলের হামলায় দুই স্থানীয় বাসিন্দা আহত হন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় চক্রের দুই সদস্যকে আটক করা সম্ভব হলেও মূল অভিযুক্ত আলভী পালিয়ে যান বলে দাবি এলাকাবাসীর।
স্থানীয় বাসিন্দা কালাম বলেন, এর আগেও আলভী চুরির সময় ধরা পড়েছিলেন। কিন্তু কোনোভাবেই চুরির ঘটনা বন্ধ হচ্ছে না। এতে এলাকার মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
সজিব নামে আরেক বাসিন্দার অভিযোগ, এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবনের পেছনে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের একটি অংশের আশ্রয়-প্রশ্রয় রয়েছে। প্রশাসন কঠোর অবস্থান নিলে এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, এসব অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করা হচ্ছে। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না।
অন্যদিকে, মাস্টার বাড়ির বাসিন্দা জলিল মাস্টার বলেন, তাঁদের বাড়ির স্থানীয় ছেলেরা এসব কর্মকাণ্ডে জড়িত নয়। আশপাশের অন্য এলাকা থেকে এসে কিছু লোক বাড়িটিতে ভাড়া থাকছেন এবং তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসবের প্রতিবাদ করতে গিয়ে তাঁরা হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জলিল মাস্টার বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকার তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও কার্যকর প্রতিকার না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাঁরা মাদকপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত পুলিশি টহল, মাদকবিরোধী অভিযান এবং অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলি-গলিতে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা হবে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
অনুসন্ধান অব্যাহত: ২২ নম্বর ওয়ার্ডের মাদক পরিস্থিতি নিয়ে খবর বরিশাল’র অনুসন্ধানের পরবর্তী পর্বে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ ওঠা ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply